অন্নপূর্ণা যোজনার টাকা পান? এবার তালিকা থেকে বাদ পড়তে পারে আপনার নাম! কাদের চিহ্নিত করার নির্দেশ রাজ্যের?
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রকল্পের তালিকায় থাকা অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে তাঁদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে এই নির্দেশ দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পান। সম্প্রতি অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, উপভোক্তাদের তালিকায় কয়েক জন অযোগ্য ব্যক্তির নাম থাকতে পারে। তাই দ্রুত তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, তালিকায় কোনও সরকারি কর্মচারী, আয়করদাতা কিংবা মৃত ব্যক্তির নাম থাকলে তা চিহ্নিত করতে হবে। তদন্তের পর তাঁদের নাম উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। অর্থাৎ, যাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁরা আর মাসে তিন হাজার টাকা পাবেন না।উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার বিষয়টি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অযোগ্য কেউ এই প্রকল্পের টাকা পাবেন না বলে জানানো হয়েছিল। তাই নতুন করে তালিকা যাচাইয়ের নির্দেশকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।অন্যদিকে, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। তবে বুধবার রাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীপাবলির আগেই অন্নপূর্ণা যোজনার আওতায় এক কোটি ৬৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে কবে থেকে উপভোক্তারা তিন হাজার টাকা করে পাবেন, সেদিকেই এখন নজর রয়েছে।শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকাও দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, দীপাবলির আগেই ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা এবং দিব্যাঙ্গ ভাতার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পাশাপাশি তিন লক্ষ লোকপ্রসার শিল্পীকেও তাঁদের ভাতা দেওয়া হবে।এ ছাড়াও আগামী ১৩ তারিখে আরও একটি কর্মসূচি রয়েছে। ওই দিন পশ্চিমবঙ্গ আবাস যোজনার সাত লক্ষ ২০ হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এই খাতে প্রায় চার হাজার ২০০ কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে একদিকে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার তোড়জোড়, অন্যদিকে দীপাবলির আগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

